চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহাতির বিরুদ্ধে টাইমস টুডের প্রতিনিধি আরাফাত হোসেনসহ বেশ কয়েকজন সাংবাদিকের সাথে দুর্ব্যবহার, শারীরিক হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় ছাত্রশক্তির সমাবেশ ও মিছিল কাভার করতে গিয়ে সাংবাদিকরা হামলার এ অভিযোগ করেন।
টাইমস টুডের চট্টগ্রাম রিপোর্টার আরাফাত হোসেন জানান, তিনি পেশাগত দায়িত্ব পালনকালে সমাবেশ ও মিছিলের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় ছাত্রশক্তির কয়েকজন কর্মী তার পরিচয় জানতে চান। তিনি নিজেকে টাইমস টুডের চট্টগ্রাম রিপোর্টার হিসেবে পরিচয় দেন এবং প্রেস কার্ড দেখানোর প্রস্তুতি নেন। তবে এর আগেই আব্দুল্লাহ আল মাহাতির তার ঘাড় চেপে ধরেন এবং তাকে ধাক্কা দেন বলে অভিযোগ করেন তিনি।
আরাফাত হোসেন বলেন, আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আমাকে হেনস্তা করা হয়েছে। সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে এনপিবি নিউজের চট্টগ্রামে কর্মরত সাংবাদিক শহিদুল ইসলাম মাসুম, টাইমস টুডের প্রতিবেদক আরাফাত হোসেন এবং চট্টগ্রাম প্রতিদিনের রিপোর্টার আব্দুর রহমান ইমন পুনরায় আব্দুল্লাহ আল মাহাতির সাথে কথা বলতে যান বলে জানা যায়। তখন তিনি তাদের সাথে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ উঠে।
চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক আব্দুর রহমান ইমন অভিযোগ করেন, কথা বলার একপর্যায়ে তাকে ‘তুই’ সম্বোধন করে অসম্মানজনক আচরণ করা হয়। উপস্থিত অন্য সাংবাদিকদের সাথেও রূঢ় আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
ঘটনার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মাহাতির বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তার প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।
চট্টগ্রামের সাংবাদিক মহলের একাধিক সদস্য এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, গণতান্ত্রিক কর্মসূচি কভার করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব। সাংবাদিকদের সাথে শারীরিক বা মৌখিক দুর্ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাংবাদিক নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

