...|...|...

সারাদেশ

কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, রাত ৯:৫৮ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৩
Shares
কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিন্সেস’ আবাসিক হোটেলের পার্কিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আগুনে হোটেলের পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার সময় হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে ছিলেন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। হোটেলের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পাওয়ার পর নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের জানান, তাদের হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে থাকা পর্যটকেরা সবাই নিরাপদে রয়েছেন।

এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার এক সপ্তাহের মাথায় জেলার আরেকটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটল।