বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব পেয়েও সৌদি ক্লাব আল-শাবাবে যোগ দিতে রাজি হননি মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। বছরে ২ কোটি ৫০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৮ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই ফরোয়ার্ড। আপাতত নিজের বর্তমান ক্লাব তুরস্কের ট্রাবজনস্পোরেই থাকতে চান তিনি।
তুরস্কের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আফ্রিকাফুট জানিয়েছে, সালাহকে দলে নিতে সম্প্রতি বড় অঙ্কের আর্থিক প্রস্তাব দিয়েছিল সৌদি ক্লাব আল-শাবাব। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি মিশরীয় এই ফুটবলার।
সৌদি আরবের ক্লাবগুলো সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলের তারকাদের দলে ভেড়াতে বিপুল অর্থ ব্যয় করছে। ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের পর এবার তাদের নজর ছিল সালাহর দিকে। কিন্তু অর্থের প্রলোভন উপেক্ষা করে ট্রাবজনস্পোরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, আপাতত ক্লাব পরিবর্তনের কোনো ইচ্ছা নেই সালাহর। এমনকি নিজের এজেন্ট রামি আব্বাসকেও নতুন দলবদলের প্রস্তাব না পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।
বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ১০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি গোল। অর্থাৎ ১৩ ম্যাচে ১৫ গোলে সরাসরি অবদান রেখেছেন এই ফরোয়ার্ড।
ট্রাবজনস্পোরের সাথে সালাহর চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। তার বর্তমান বাজারমূল্য ধরা হচ্ছে প্রায় ১ কোটি ৭০ লাখ ইউরো।
এদিকে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে জার্মান ক্লাব ফ্রাইবুর্গের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ট্রাবজনস্পোরের। সেই ম্যাচকে সামনে রেখে দলের সাথে প্রস্তুতি নিচ্ছেন সালাহ।


