...|...|...

সারাদেশ

শেরপুরে বসতঘরে বৃদ্ধের লাশ দাফন, ডিসির উদ্যোগে নতুন কবরস্থানে পুনর্দাফন

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৬:৩৩
Shares
শেরপুরে বসতঘরে বৃদ্ধের লাশ দাফন, ডিসির উদ্যোগে নতুন কবরস্থানে পুনর্দাফন

কবর। ছবি: টাইমস টুডে

শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা গ্রামে কবরস্থানের অভাবে বসতঘরের ভেতরে দাফন করা বৃদ্ধ আব্দুল করিম মিয়ার (৭০) লাশ জেলা প্রশাসনের উদ্যোগে নতুন কবরস্থানে ধর্মীয় রীতি অনুযায়ী পুনর্দাফন করা হয়েছে। একই সাথে ভবিষ্যতে গ্রামবাসীর দাফনের জন্য ১০ শতাংশ জমিতে একটি কবরস্থানের ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসন জানায়, শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শালমারা গ্রামের বাসিন্দা আব্দুল করিম মিয়া গত রবিবার (২৫ অক্টোবর) দুপুরে মারা যান। এলাকায় কোনো কবরস্থান কিংবা দাফনের জন্য নিজস্ব জমি না থাকায় পরিবারের সদস্যরা সোমবার (২৬ অক্টোবর) সকালে নিজেদের বসতঘরের টিনের বেড়া খুলে ঘরের ভেতরেই তাকে দাফন করেন।

ঘটনাটি জানার পর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন। পরে নিহতের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ শতাংশ জমি ক্রয় করা হয়। পাশাপাশি স্থানীয় এক ব্যক্তি আরও ৫ শতাংশ জমি কবরস্থানের জন্য দান করেন। পরে ওই জমি ওয়াকফ করে সেখানে ধর্মীয় বিধান অনুযায়ী আব্দুল করিম মিয়ার লাশ পুনর্দাফন করা হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘পরিবারটি অত্যন্ত অসচ্ছল ও মানবেতর জীবনযাপন করছে। মানবিক বিবেচনায় নিহতের ছেলেকে জীবিকা নির্বাহের জন্য একটি ইজিবাইক প্রদান করা হবে।’

স্থানীয়দের আশা, নতুন এই কবরস্থান প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে শালমারা গ্রামের মানুষকে আর দাফনের জন্য এমন সংকটের মুখে পড়তে হবে না।