প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী দিনে আমরা বিদেশে দক্ষ শ্রমিক পাঠিয়ে বাংলাদেশকে নাম্বার ওয়ানে রাখব। কোনো আন স্কিল লোক পাঠিয়ে আমরা আমাদের সুনাম ক্ষুণ্ন হতে দেব না।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে আনসার সদস্যদের কর্মসংস্থান কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতিহারে বলেছিলেন, এক কোটি মানুষকে দক্ষ শ্রমিক বানিয়ে বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠাবো। আমি আনসার-ভিডিপিতে এসে দক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যে তাদের এই প্রজেক্টগুলো দেখে মনে হচ্ছে আমরা সফলতার দিকে ধাবিত হচ্ছি। এর মধ্যে বড় একটি অবদান রাখছে আনসার-ভিডিপির সদস্যরা।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারিভাবে বাংলাদেশের অন্যান্য রিক্রুটিং এজেন্সির সাথে আনসার বাহিনীকেও রিক্রুটিং লাইসেন্স প্রদান করছি। এর মধ্য দিয়ে তারা বিশ্বের সব দেশেই দক্ষ শ্রমিকের ডিমান্ড নিয়ে আসবে।
তিনিও আরও বলেন, আপনারা ইতোমধ্যেই দেখেছেন কয়েকটি দেশ থেকে প্রতিনিধিরা আনসার বাহিনীর কর্মসংস্থান তৈরির বাস্তব চিত্র ও বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করে গেছেন। আমরা আমাদের কর্মকর্তাদের বলেছি দ্রুত সময়ের মধ্যে আমাদের মন্ত্রণালয়ের সার্বিক সহায়তার মধ্যে দিয়ে আনসার বাহিনীর জন্য দক্ষ প্রশিক্ষণ কেন্দ্র তৈরির জন্য। যাতে আমরা আগামী দিনে অবশ্যই বিদেশে স্বয়ংসম্পূর্ণ ও দক্ষ জনশক্তি পাঠাতে পারি। কেউ যাতে আমাদের বলতে না পারে আমরা অদক্ষ শ্রমিক পাঠাই। এতে করে আমাদের দেশের ভাবমূর্তি পুরো বিশ্বের কাছেই প্রশংসনীয় হবে।
বক্তব্যকালে মন্ত্রী বলেন, গতকাল শিল্প কারখানায় কিছু দুষ্টু লোক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। আমি তাদের বলতে চাই আপনারা প্রতিনিধি দেন, ১ সপ্তাহের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। কিন্তু আপনারা তা না করে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন। আমি পুলিশকেও বলছি আপনারা গুরুত্বের সাথে কারা এই কাণ্ডের সাথে জড়িত তাদের খুঁজে বের করুন।
এর আগে দুপুরে আনসার ভিডিপি একাডেমিতে বৃক্ষরোপণ করেন মন্ত্রী, পরে আনসার ভিডিপির গার্মেন্টস পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিববৃন্দ, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানসহ আনসার ভিডিপির বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


