...|...|...

সারাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চাঁদপুরে ৪০ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:২১
Shares
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চাঁদপুরে ৪০ জেলে আটক

নৌ পুলিশের অভিযানে আটক জেলেরা। ছবি: টাইমস টুডে

প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৪০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এদের মধ্যে ৩৩ জনের বিরুদ্ধে ১২টি মামলা দায়ের করা হয়েছে। বাকি সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ৪০ জেলেকে আটক করা হয়।

অভিযানে আটক জেলেদের কাছ থেকে ৩৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১০টি মাছ ধরার নৌকা ও সাত কেজি ইলিশ জব্দ করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, আটক ৪০ জেলের মধ্যে ৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়। বাকি ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত ১২টি মামলা হয়েছে।

এছাড়া জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নৌকা থানা হেফাজতে এবং ইলিশ স্থানীয় দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ করা হয় বলেও জানান ওসি।