জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের অভিনয়ের ভক্ত খায়রুল বাসার। সময়ের সাথে সেই মুগ্ধতা রূপ নিয়েছে আন্তরিক সম্পর্কের। বরেণ্য এই অভিনেতার কাছ থেকে পাওয়া স্নেহ ও ভালোবাসাকে নিজের জীবনের বিশেষ প্রাপ্তি বলে মনে করেন তিনি।
সম্প্রতি এক আলাপচারিতায় জাহিদ হাসানের সাথে সম্পর্কের নানা অভিজ্ঞতা তুলে ধরেন খায়রুল বাসার। জানান, ‘লালন নীল বেগুনি’ দেখার পর জাহিদ হাসানের অভিনয়ের পাশাপাশি তার পোশাকের রুচিও মুগ্ধ করেছিল তাকে।
বিশেষ করে ব্যাগি প্যান্টের সাথে গামছা দিয়ে তৈরি ফতুয়া পরার বিষয়টি নজর কেড়েছিল বাসারের। বহু বছর আগের সেই পোশাক বর্তমান সময়েও বেশ আকর্ষণীয় ও মানানসই বলে মনে করেন তিনি। নিজের এই মুগ্ধতার কথা সরাসরি জাহিদ হাসানকেও জানিয়েছিলেন।
খায়রুল বাসার জানান, কাজের বাইরেও তাকে কাছে ডেকে গল্প করেন জাহিদ হাসান। বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে দীর্ঘ সময় আলাপ হয়। তবে সেসব ব্যক্তিগত কথোপকথন প্রকাশ করতে চাননি তিনি।
জাহিদ হাসানের আন্তরিকতার কথা তুলে ধরে বাসার বলেন, ‘তিনি আমাকে খুব স্নেহ করেন, আদর করেন। প্রায়ই বলেন, তোকে কিন্তু আমি ভালোবাসি। তুই বুঝিস।’
অভিনয়জগতের একজন গুণী মানুষের কাছ থেকে এমন ভালোবাসা ও স্নেহ পাওয়াকে নিজের জন্য আশীর্বাদ হিসেবেই দেখেন খায়রুল বাসার।


