রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের চিবা প্রিফেকচার। ভারী বর্ষণের কারণে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও পরিবহন সংকটে পড়েছেন হাজারো মানুষ। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে টোকিওর অন্যতম প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর নারিতায় প্রায় ৭ হাজার যাত্রী আটকা পড়েন। বন্যার কারণে আশপাশের সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
জাপানের ব্যস্ত ছুটির মৌসুমের মধ্যেই চিবা অঞ্চলের কিছু এলাকায় গত ২৪ ঘণ্টায় ৩৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে বেশ কয়েকটি রাস্তা ও রেলপথ পানিতে তলিয়ে যায়। পাশাপাশি প্রায় ২৫ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত একজন বন্যার পানিতে আটকে পড়া গাড়ির ভেতরে মারা যান। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকাজে সহায়তার জন্য ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।
চিবার গভর্নর তোশিহিতো কুমাগাই বলেন, জাপানের দীর্ঘদিনের আবহাওয়ার অভিজ্ঞতার তুলনায় এই পরিস্থিতি অত্যন্ত অস্বাভাবিক। তিনি বলেন, এর আগে অনেক দুর্যোগ মোকাবিলা করলেও এমন পরিস্থিতির মুখোমুখি হননি।
এদিকে নারিতা বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, পরিবহন সংকটের কারণে প্রায় ৭ হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। তবে শুক্রবার ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। জাপান এয়ারলাইন্স জানিয়েছে, কিছু ফ্লাইটে দেরি হতে পারে, তবে বাতিলের আশঙ্কা নেই।
অন্যদিকে, চিবার প্রধান মহাসড়কগুলোর কয়েকটি অংশ বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। নারিতা বিমানবন্দর থেকে টোকিওগামী কিছু ট্রেন চলাচল পুনরায় শুরু হলেও বেশ কয়েকটি রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


