...|...|...

বিশ্ব

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ৯:৩৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, রাত ১০:৩১
Shares
হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিল ব্রিটিশ সংবাদমাধ্যম

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল— ‘কলঙ্কিত সাবেক নেতা শেখ হাসিনা নির্বাসন থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন’।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার বিষয়ে ‘আত্মবিশ্বাসী’ শেখ হাসিনা। ভারতে নির্বাসিত আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

২০২৪ সালের আগস্টে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল ২০২৪ সালের অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ওই দমন-পীড়নে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গার্ডিয়ান বলছে, শেখ হাসিনার দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে। কারণ, তার দল আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ এবং দলটির হাজারো নেতা-কর্মী কারাগারে রয়েছেন। তিনি দেশে ফিরলে তাৎক্ষণিকভাবে গ্রেফতার হওয়ার আশঙ্কাও রয়েছে।

এর আগে গত আগস্টে শেখ হাসিনা প্রথম দেশে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। চলতি সপ্তাহে দ্য গার্ডিয়ানের সাথে কথা বলা ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নির্বাসিত নেতা বলেন, আগামী মাসে দেশে ফেরার বিষয়ে তিনি ‘আত্মবিশ্বাসী’। তার ফেরার প্রস্তুতির অংশ হিসেবে দলের আরও কয়েকজন নেতা ইতোমধ্যে দেশে ফিরেছেন বলেও তারা জানিয়েছেন।

এদিকে, সোমবার শেখ হাসিনার পক্ষে কাজ করা এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে দ্রুত তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, তারা ওই চিঠিটি দেখেছে।

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন, কারণ তিনি সত্যিই দেশে ফিরতে চান।’

শেখ হাসিনার দণ্ডের পর থেকে তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ দিয়ে আসছে ঢাকা। তবে ভারত সরকার এখন পর্যন্ত বাংলাদেশের সেই দাবিতে সাড়া দেয়নি। গার্ডিয়ানের মতে, এ নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।