রাজধানীর গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনে ফুটপাতের ওপর থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভি জানান, ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। পরে সার্জেন্ট আহাদ বক্স পুলিশ ফাঁড়ির টহল পুলিশের সদস্যরা আমাদের খবর দেন। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে এখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টা ১০ মিনিটের দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে। এছাড়া সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। হাতের আঙুলের ছাপ নেওয়া হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।


