...|...|...

রাজধানী

মোহাম্মদপুর থেকে নারীসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৫
Shares
মোহাম্মদপুর থেকে নারীসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে নারীসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারাল চাকু, চারটি লোহার রড ও একটি করাত কাটার চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজন কিশোর ও একজন নারী রয়েছেন।

তিনি আরও জানান, গ্রেফতারদের মধ্যে হাসনাইন হাসান বিশেষভাবে উল্লেখযোগ্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে। এই চক্রের সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের টার্গেট করতেন। অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা নারীদের অসাবধানতার সুযোগ নিয়ে ব্যাগ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন তারা।