...|...|...

রাজধানী

একটি স্বাধীন দেশে এমন ঘটনা দুঃখজনক: আসিফ আকবরের বড় ভাই

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৫০
Shares
একটি স্বাধীন দেশে এমন ঘটনা দুঃখজনক: আসিফ আকবরের বড় ভাই

আসিফ আকবরের বড় ভাই মোহাম্মদ আলী আকবর। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তার বড় ভাই মোহাম্মদ আলী আকবর। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। 

তার মতে, একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমরা এমন ঘটনা আশা করতে পারি না। এটা একটি দুঃখজনক ঘটনা। 

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। ফলে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।

ভাইয়ের গাড়িতে গুলি চালানোর খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। ফজরের নামাজ শেষে বাসায় ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি জানতে পারেন আলী আকবর। পরে অফিসে যাওয়ার পথে ঘটনাস্থলে যান তিনি। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আলী আকবর বলেন, একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমরা এমন ঘটনা আশা করতে পারি না। আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আজকের ঘটনায় আল্লাহ হয়তো আসিফের হায়াত বাড়িয়ে দিয়েছেন। অন্যথায় এখানে বড় কোনো অঘটন ঘটে যেতে পারত।

হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। তার দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রচলিত আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে। তদন্তের ফলাফলও জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানান তিনি।

আলী আকবরের মতে, হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং কারা এতে জড়িত, তা শনাক্ত করাই এখন সবচেয়ে জরুরি। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।

পরিবারের সদস্যরা ভালো আছেন জানিয়ে আলী আকবর বলেন, তারা পাঁচ ভাই ভালো আছেন। তবে ঘটনার রহস্য উদঘাটনে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুরুত্ব দিয়ে পরীক্ষা করার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, মার্কেটে যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে, সেগুলো পুলিশ প্রশাসন ভালো করে যাচাই-বাছাই করলে আশা করি, সূত্র খুঁজে পাওয়া যাবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন বলে আমরা বিশ্বাস রাখি।

কথা বলার একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আসিফ আকবরের বড় ভাই। আপন ছোট ভাইকে লক্ষ্য করে এমন ঘটনা ঘটায় তিনি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান। আসিফের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

আলী আকবর বলেন, আসলে এখন কথা বলার মতো মানসিকতা আমার নেই, যেহেতু সে আমার আপন ছোট ভাই। আমি নিজেই ভীষণ সন্ত্রস্ত। আমি আশা করি, প্রশাসন এবং আপনারা সবাই তাকে দেখভাল করবেন। আশা করি, সে ভালো থাকবে আপনাদের দোয়ায়।

উল্লেখ্য, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না সংগীতশিল্পী। কারা এবং কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।