...|...|...

রাজধানী

হামলার পর ৯৯৯-এ ফোন দিলেও পুলিশকে কোনো অভিযোগ জানাননি আসিফ

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:২৩
Shares
হামলার পর ৯৯৯-এ ফোন দিলেও পুলিশকে কোনো অভিযোগ জানাননি আসিফ

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবর। ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান তিনি। তবে পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ করেননি এই সংগীতশিল্পী।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের গুলিতে গাড়িটির পেছনের ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান।

ঘটনার সময় গাড়িতে কেউ ছিলেন না। আসিফ আকবর তখন বিশাল মার্কেটের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন। গুলির শব্দ শুনে তিনি নিচে নেমে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

পুলিশ জানায়, ঘটনার পর আসিফ আকবর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। তবে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কাউকে সন্দেহ করার মতো তথ্য বা সুনির্দিষ্ট অভিযোগ তিনি পুলিশকে দেননি। এ ছাড়া এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগও জমা পড়েনি।

পুলিশকে আসিফ আকবর জানিয়েছেন, এ বিষয়ে পরে দেখবেন।