রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রক্টরের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কথিত এক ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে সোপর্দ করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনা পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানের সাথে এক ব্যক্তি অসৌজন্যমূলক আচরণ করেন। পরে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবে শনাক্ত করা হয়েছে বলে দাবি করা হয়। বিষয়টির প্রতিবাদ জানান রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার এবং তার সাথে থাকা শিক্ষার্থীরা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাগ্বিতণ্ডা শুরু হলে অভিযুক্ত ব্যক্তিকে মারধর করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এর কিছুক্ষণ পরই ক্যাম্পাসে সালাহউদ্দিন আম্মারের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তার অনুসারীরা। এ সময় রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিবও আহত হন। হামলার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক ও শান্ত রাখতে পুলিশ কাজ করছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।’
তবে হামলার ঘটনায় কারা জড়িত এবং এ বিষয়ে কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


