সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখাটির সাবেক আহ্বায়ক ইমাম হোসেনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

অন্যদিকে, পৃথক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্তও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন করেছেন।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিতুমীর কলেজে দুই পক্ষের বিরোধের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সহযোগী সদস্য আব্দুর রহমান তালুকদার হামলার শিকার হওয়ার অভিযোগ ওঠে। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়।
এ ঘটনায় তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার অনুসারী এবং শহীদ মামুন হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি রোকনুজ্জামান রাকিবসহ কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে।
ঘটনার পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।
এর একদিনের মধ্যেই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত এবং শাখাটির সাবেক আহ্বায়ক ইমাম হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় ছাত্রদল।

