...|...|...

জাতীয়

যে কারণে এমপি পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৪
Shares
যে কারণে এমপি পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক।

শারীরিক অসুস্থতা ও নিয়মিত চিকিৎসার প্রয়োজনেই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। অসুস্থতার কারণে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না বলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তার পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি সংসদ সচিবালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রের তথ্য অনুযায়ী, শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত চিকিৎসার প্রয়োজন হওয়ায় সংসদীয় দায়িত্ব পালনে আর থাকতে চাইছেন না তিনি।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ওসমান ফারুক। নির্বাচনে জয়ী হয়ে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে দায়িত্ব গ্রহণের পর শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজন তার সংসদীয় দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়ায়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ওসমান ফারুক। বর্তমানে তিনি দলটির ভাইস চেয়ারম্যান। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। পরে মন্ত্রিসভায় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এই রাজনীতিক।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপির সাথে সক্রিয়ভাবে কাজ শুরু করেন ওসমান ফারুক। সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় রাজনীতিতেও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।