...|...|...

জাতীয়

অসুস্থ স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে গেলেন না প্রতিমন্ত্রী মুহিত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৯:৫৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৯:৫৮
Shares
অসুস্থ স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে গেলেন না প্রতিমন্ত্রী মুহিত

ছবি: সংগৃহীত

হৃদযন্ত্রে দুটি রিং (স্টেন্ট) সফলভাবে বসানোর পর হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতাল থেকে তিনি মিন্টো রোডের সরকারি বাসায় ফেরেন।

এর আগে গত ১৪ নভেম্বর সকালে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। এনজিওগ্রাম পরীক্ষায় তার হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শে গত ১৫ নভেম্বর অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার দুটি ব্লকে রিং পরানো হয় এবং অপর ব্লকে বেলুন এনজিওপ্লাস্টি করা হয়। দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখেই তিনি দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন, যা চিকিৎসামহলে বেশ প্রশংসিত হয়।

এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সরকারের বিভিন্ন মহলে দেখা দেয় তৎপরতা। প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)-সহ একটি প্রতিনিধিদল।

এ ছাড়া তাকে দেখতে হাসপাতালে যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু ও ড্যাবের শীর্ষ নেতারা। সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে ফুল পাঠিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করেন।

তবে মন্ত্রীর এই চিকিৎসাধীন সময়েও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য দেখা যায়নি। এমনকি সংসদেও স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে সূত্র জানিয়েছে।

প্রতিমন্ত্রীর এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে বিভিন্ন মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।