...|...|...

জাতীয়

দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৯:৩০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১০:৫৫
Shares
দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ছবি: সংগৃহীত

দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার বিকেলে তিনি শ্রীলঙ্কায় পৌঁছান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এসব তথ্য জানান।

দেশটির বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডি এম সালাহউদ্দিন মাহমুদ এবং দেশটির পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত ভারুনি মুতুকুমারানা।

সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরকালে শ্রীলঙ্কার ব্যবসায়ী প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সমন্বিত সহযোগিতা জোরদারে যৌথ পরামর্শক কমিশন (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবেন তিনি।

দুদিনের সরকারি সফর শেষে আগামী ১৯ নভেম্বর শ্রীলঙ্কা ত্যাগ করার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।