বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার এ ঘোষণা দেন। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ওসমান ফারুক।
অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটও দেননি ওসমান ফারুক। ওই সময় সংসদ সচিবালয়ে চিঠি দিয়ে নিজের অনুপস্থিতির বিষয়টি জানিয়েছিলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।
এ ছাড়া গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে ১০ সদস্যের একটি বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই ককাসের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।



