উত্তর কোরিয়ার সামরিক কমান্ডারদের যুদ্ধের জন্য নিজেদের ইউনিটগুলোকে পুরোপুরি প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম আনাদোলু জানায়, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর (KCNA) প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার কোরিয়ান পিপলস আর্মির কোম্পানি কমান্ডারদের তৃতীয় সভায় অংশগ্রহণকারীদের সঙ্গে ছবি তোলার সময় এ মন্তব্য করেন কিম।
তিনি বলেন, ‘কোম্পানি কমান্ডারদের প্রধান বিপ্লবী দায়িত্ব হলো যুদ্ধের জন্য নিজেদের ইউনিটগুলোকে পুরোপুরি প্রস্তুত করে তোলা। আর এটি বাস্তবায়নের উপায় হলো কঠোর ও নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মানদণ্ডে আমূল পরিবর্তন আনা।’
সামরিক কমান্ডারদের উদ্দেশে কিম আরও বলেন, অবিচল বিপ্লবী বিশ্বাস, দেশপ্রেম, অতুলনীয় বীরত্ব ও যুদ্ধদক্ষতার মাধ্যমে নিজেদের কোম্পানিগুলোকে ‘একশ জনের সমান শক্তিশালী’ ইউনিটে পরিণত করতে হবে। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি ও বিপ্লবের প্রতি আনুগত্যের প্রমাণ দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যেই কিমের এই বক্তব্য সামনে এল। গত মাসে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) একটি বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। এ ঘটনার জন্য পিয়ংইয়ংকে দায়ী করেছে সিউল। তবে উত্তেজনা কমাতে দুই পক্ষের মধ্যে সামরিক যোগাযোগ পুনরায় শুরুর আহ্বানও জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। আলোচনার প্রস্তাবেও এখনো সাড়া দেয়নি পিয়ংইয়ং। ২১ সেপ্টেম্বরের ডিএমজেডের ঘটনা নিয়ে দুই পক্ষই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিজেদের বক্তব্য তুলে ধরে চিঠি পাঠিয়েছে।


