...|...|...

জাতীয়

যার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাকে নিয়ে বিরূপ মন্তব্য নয়: স্পিকার

টাইমস টুডে ডেস্ক
আপডেট: ৪ দিন আগে
যার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাকে নিয়ে বিরূপ মন্তব্য নয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে দেওয়া বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়েছে। একই সাথে এ বিষয়ে স্পিকারের করা একটি মন্তব্যও কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে বাজেট অধিবেশনের কার্যক্রম শুরুর পর বিষয়টি নিয়ে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্পিকার বলেন, গত বৃহস্পতিবার ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে কথিত পরকীয়া প্রসঙ্গে কিছু মন্তব্য করেছিলেন, যা অনভিপ্রেত ছিল। তিনি বলেন, সংসদের বাইরে থাকা এমন কোনো ব্যক্তি, যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাকে নিয়ে বিরূপ মন্তব্য করা উচিত নয়।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “যেহেতু যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সে জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপাঞ্জ করেছি।”

এ সময় স্পিকার জানান, ওই আলোচনায় তিনি নিজেও মামুনুল হককে ইঙ্গিত করে একটি মন্তব্য করেছিলেন, সেটিও কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমারও একটি বক্তব্য সেখানে এসেছিল। আমি কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে মন্তব্য করেছিলাম। সেই অন্ধকারাচ্ছন্ন অধ্যায় সম্পর্কিত বক্তব্যও এক্সপাঞ্জ করা হলো।”

সংসদ সদস্যদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে স্পিকার বলেন, ভবিষ্যতে সবাইকে আরও সচেতন থাকতে হবে। যার পক্ষে সংসদে উপস্থিত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা বা আত্মপক্ষ সমর্থন করা সম্ভব নয়, তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এর মাধ্যমে সংসদীয় শিষ্টাচার ও কার্যপ্রণালি অনুসরণের বিষয়ে স্পিকারের অবস্থান পুনর্ব্যক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাকে নিয়ে বিরূপ মন্তব্য নয়: স্পিকার | Times Today