ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে বিপুল সংখ্যক প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) এক শোকবার্তায় তিনি বলেছেন, ‘ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বহু মানেুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।
বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা আহতদের দ্রুত সুস্থতাও কামনা করছি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।’
সরকারপ্রধান বলেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন আছে। বাংলাদেশ সরকার আশা করে, ভেনেজুয়েলা সরকার দ্রুত পরিস্থিতি সামলে উঠবে।’
স্থানীয় সময় বুধবার বিকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হওয়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত ৪ হাজার ৩০০ মানুষ আহত হয়েছেন।
আল জাজিরা লিখেছে, ভেনেজুয়েলার এই চরম সংকটময় পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে কথা বলেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস।
এক্স পোস্টে রদ্রিগেস বলেন, ‘জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করেছেন এবং এই ভয়াবহ ট্র্যাজেডিতে গভীর সমবেদনা জানিয়েছেন।’
এছাড়া জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য জাতিসংঘের সমস্ত অঙ্গসংস্থা এবং তাদের সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে বিশ্ব সংস্থাটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও আশ্বস্ত করেছেন গুতেরেস।


