প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনমিক করিডোর (বিএমসিইসি) প্রতিষ্ঠার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে চীন।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় দুপুরে চীনের বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
মুখপাত্র জানান, চার দিনের সরকারি সফরে বেইজিংয়ে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে এক ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়।
মাহদী আমিন বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং দেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় চীন সরাসরি সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বেইজিং।
এই সফরের মধ্য দিয়ে দুদেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। পারস্পরিক বিশ্বাস, আত্মনির্ভরতা ও সম্মানের ওপর ভিত্তি করে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়াই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
গত বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী। এরপর অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) আনুষ্ঠানিকভাবে সই হয়।
উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এই সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গত ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। এরপর তিনি চীনের দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘সামার দাভোস ২০২৬’- এ অংশ নেন এবং বিভিন্ন কর্মসূচি শেষে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান।


