...|...|...

খেলা

হামজার পথ ধরে প্রবাসী ফুটবলার খুঁজতে বাফুফের নতুর পরিকল্পনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:২৪
Shares
হামজার পথ ধরে প্রবাসী ফুটবলার খুঁজতে বাফুফের নতুর পরিকল্পনা

ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর পর প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করার উদ্যোগ আরও বিস্তৃত করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভবিষ্যতের জন্য শক্তিশালী জাতীয় দল গড়তে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণদের খুঁজে বের করতে বছরে দুটি স্কাউটিং ক্যাম্প আয়োজনের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়াতে স্থায়ী অনূর্ধ্ব-২৩ দল গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।

জাতীয় দল, ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল কমিটির যৌথ সভা শেষে সোমবার (১২ অক্টোবর) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এসব পরিকল্পনার কথা জানান। আগামী নভেম্বরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দল পুনর্গঠন এবং প্রস্তুতি জোরদার করতেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যভিত্তিক স্কাউটিং কার্যক্রম চালু ও তরুণ ফুটবলারদের জাতীয় দলে উঠে আসার সুযোগ বাড়ানো।

সদ্য সমাপ্ত আসিয়ান কাপে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাফুফে সভাপতি। অনুমতি ছাড়া স্থানীয় পর্যায়ে খ্যাপ খেলায় অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ছবি প্রকাশের অভিযোগ তদন্ত করে দেখার কথা বলেছেন তিনি। তাবিথ আউয়াল বলেন, ‘বিষয়টি আমি নিজে তদন্ত করে দেখব। খেলোয়াড়দের সাথে আলোচনা শেষে কমিটির কাছে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করব।’

খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদেরও জবাবদিহির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। যৌথ সভায় স্থানীয় ও বিদেশি কোচিং স্টাফদের বাধ্যতামূলকভাবে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াই এর লক্ষ্য।

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য আগামী ২৫ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে ৩১ অক্টোবরের দিকে কোনো বিদেশি ক্লাব কিংবা জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রত্যাশা করছেন বাফুফে সভাপতি।

তবে প্রবাসী ফুটবলারদের সবাইকে শুরু থেকেই ক্যাম্পে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফিফা উইন্ডো শুরুর আগে তাদের অধিকাংশকে দলে পাওয়ার সম্ভাবনা কম। আগামী ৯ নভেম্বর ফিফা উইন্ডো শুরু হলে এবং টুর্নামেন্ট শুরুর চার দিন পর তারা দলের সাথে যোগ দিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এ কারণে সাফের ম্যাচগুলোতে খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর প্রয়োজন হতে পারে।

জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অনূর্ধ্ব-২৩ দলকে নিয়মিত কার্যক্রমের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ফিফা উইন্ডোতে এই দলকে সক্রিয় রেখে অনানুষ্ঠানিক প্রীতি ম্যাচ আয়োজন করা হবে। এতে তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা বাড়বে এবং জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরির ধারাবাহিক সুযোগ তৈরি হবে।

সাম্প্রতিক কয়েকটি এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে নতুন করে গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। দীর্ঘমেয়াদে জাতীয় দলকে শক্তিশালী করতে তরুণদের পরিচর্যা ও নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবলের সুযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার পর প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে আগ্রহ বেড়েছে। কিউবা মিচেল ও ফারহান আলী ওয়াহিদের মতো সম্ভাবনাময় খেলোয়াড়দের বয়সভিত্তিক দলে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সেই উদ্যোগের ধারাবাহিকতা দেখা গেছে। এবার যুক্তরাজ্যে বসবাসরত ১৪ থেকে ১৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত তরুণদের জন্য বছরে দুটি স্কাউটিং ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করেছে বাফুফে। এসব ক্যাম্প থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে ভবিষ্যতে বাংলাদেশের বয়সভিত্তিক ও জাতীয় দলে সুযোগ দেওয়ার পথ তৈরি করতে চায় সংস্থাটি।

বাফুফে সভাপতি বলেন, ‘আমরা বিশ্বাস করি এটি ভবিষ্যতে যুক্তরাজ্যের বাংলাদেশি প্রবাসীদের মধ্য থেকে নতুন ফুটবলার তৈরির একটি শক্তিশালী পথ উন্মোচন করবে।’

জাতীয় দলে খেলোয়াড় অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের নীতিও স্পষ্ট করেছেন তাবিথ আউয়াল। ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার মতো বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে নেওয়ার পথে না গিয়ে শুধু বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের ওপর গুরুত্ব দেবে বাফুফে।

হামজা চৌধুরীর হাত ধরে প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে যুক্ত করার যে সম্ভাবনা তৈরি হয়েছে, নতুন পরিকল্পনার মাধ্যমে সেটিকে দীর্ঘমেয়াদি কাঠামোয় রূপ দিতে চায় ফেডারেশন। স্কাউটিং ক্যাম্প, অনূর্ধ্ব-২৩ দলের নিয়মিত কার্যক্রম এবং জাতীয় দলের জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগের মধ্য দিয়ে দেশের ফুটবলে নতুন খেলোয়াড় তৈরির পথ সুগম করাই বাফুফের লক্ষ্য।