...|...|...

খেলা

মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩৫
Shares
মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো

ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ ভোটাভুটিতে লিওনেল মেসিকে পেছনে ফেলে সেরা হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ (বিওটি) নামের এই উদ্যোগে রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুমকে সেরা হিসেবে নির্বাচিত করেছেন ফুটবলভক্তরা। প্রতিদ্বন্দ্বিতায় মেসির ২০১২ সালের মৌসুম হয়েছে দ্বিতীয়।

উয়েফা ও ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর যৌথ উদ্যোগে গত ১ অক্টোবর থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছিল। গত মঙ্গলবার রাতে শেষ হয় ভোট দেওয়ার কার্যক্রম। প্রতিটি ভোটের জন্য ১ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮ টাকা খরচ করে ভক্তরা একাধিকবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তবে আয়োজকেরা জানিয়েছেন, বিজয়ীকে এ জন্য আলাদা কোনো ট্রফি দেওয়া হবে না।

ব্যালন ডি’অরজয়ী মৌসুমগুলোর মধ্যে কোনটি সবচেয়ে সেরা, তা নির্ধারণের লক্ষ্যেই এই আয়োজন করা হয়। একাধিকবার ব্যালন ডি’অর জেতা ১০ কিংবদন্তি ফুটবলারের সেরা মৌসুম নিয়ে ভোটের ব্যবস্থা করা হয়েছিল। ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে রোনালদোকে বিজয়ী ঘোষণা করা হয়।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’-এর প্রতিবেদন অনুযায়ী, ভোটে রোনালদো পেয়েছেন ৪৪৬ পয়েন্ট। অন্যদিকে মেসির ঝুলিতে জমা পড়েছে ২৮১ পয়েন্ট। শীর্ষ ১২টি অবস্থানের সব কটিই দখল করেছেন মেসি ও রোনালদো। তালিকায় ১৩তম স্থানে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও, যার ২০০২ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুমও ভোটের তালিকায় ছিল।

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় ২০০৮ সালে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন পর্তুগিজ তারকা রোনালদো। ২০০৭-০৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ দুটি শিরোপাই জিতেছিল তার দল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ৪২ গোল করেছিলেন তিনি। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্যও সেই মৌসুমকে বিশেষ করে তুলেছিল।

অন্যদিকে মেসির ২০১১-১২ মৌসুমও ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়। সে সময় এক পঞ্জিকাবর্ষে গার্ড মুলারের ৮৫ গোলের রেকর্ড ছাড়িয়ে ৬৯ ম্যাচে ৯১ গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। বার্সেলোনার হয়ে জেতেন কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। সেই ধারাবাহিকতায় ২০১২ সালে ক্যারিয়ারের চতুর্থ ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি।

ভোটে অংশ নেওয়া ১০ কিংবদন্তির তালিকায় ছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি, পাঁচবারের বিজয়ী রোনালদো, তিনবার করে পুরস্কারজয়ী ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেন ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। এ ছাড়া ছিলেন রোনালদো নাজারিও, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান ও আলফ্রেড ডি স্টেফানো।

এই ভোটাভুটিকে ঘিরে আগে জালিয়াতির অভিযোগও উঠেছিল। তবে ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইট সেই অভিযোগ নাকচ করে জানায়, মাত্র ৫ হাজার ৯ জন ব্যবহারকারী একাধিকবার ভোট দিয়েছেন। তাদের মধ্যে ৪৪ জন ১০ থেকে ২৬টি, ৩০০ জন ৫ থেকে ৯টি এবং ৪ হাজার ৬৬৫ জন ২ থেকে ৪টি ভোট দিয়েছেন বলে ওয়েবসাইটের তথ্যে উল্লেখ করা হয়।