...|...|...

খেলা

সাফের টিকিট বিক্রি শুরু আজ, অনলাইনে কিনবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৭
Shares
সাফের টিকিট বিক্রি শুরু আজ, অনলাইনে কিনবেন যেভাবে

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ গ্যালারিতে বসে দেখতে হলে সর্বনিম্ন এক হাজার টাকা খরচ করতে হবে দর্শকদের। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। সর্বোচ্চ শ্রেণির টিকিটের দাম ১০ হাজার টাকা। তবে আগেরবার টিকিট বিক্রিতে প্রযুক্তিগত জটিলতার অভিজ্ঞতা থাকায় বিক্রির দায়িত্বে থাকা টিকিফাইকে নিয়ে দর্শকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। গ্রুপপর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে একটি টিকিটেই একই দিনের দুই ম্যাচ দেখার সুযোগ পাবেন দর্শকেরা। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেছেন, ‘এটা আসলে একটা দিনের পাস। এক দিনে দুটি করে ম্যাচ। গড়ে ম্যাচ প্রতি ৫০০ টাকা করে পড়ছে। গ্রুপ পর্যায়ে আমরা সর্বনিম্ন গ্যালারি টিকিট এক হাজার করেছি। সেমিফাইনালের টিকিটের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।’

টিকিট কিনতে ‘টিকিফাইয়ের’ ওয়েবসাইটে গিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ইভেন্ট পেজ থেকে ম্যাচের দিন ও গ্যালারির শ্রেণি বেছে নিতে হবে। টিকিটের কিউআর কোড অন্য কারও সাথে শেয়ার না করার পরামর্শ দিয়েছে প্ল্যাটফর্মটি। একই কোড দিয়ে একাধিক ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে প্রথম প্রবেশকারীর টিকিটই কার্যকর হবে।

টিকিটের পাঁচটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে। সাধারণ গ্যালারির দাম এক হাজার, ক্লাব হাউস চার হাজার, ভিআইপি গ্যালারি সাত হাজার, রেড বক্স আট হাজার এবং করপোরেট বক্সের টিকিট ১০ হাজার টাকা। এক টিকিটে দুটি ম্যাচ দেখা গেলেও যাতায়াত ও খাবারের খরচ মিলিয়ে দর্শকদের ব্যয় আরও বাড়বে।

গত বছর বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সময় টিকিফাইয়ের ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। অনেক দর্শক সাইটে ঢুকতে পারেননি, আবার কেউ কেউ টাকা দিয়েও টিকিট না পাওয়ার অভিযোগ করেন। সে সময় বাফুফে ও টিকিফাই সাইবার হামলার কথা জানিয়েছিল।

তবে এবার সাফের মার্কেটিং স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএর কর্মকর্তা সজীব টিকিফাইয়ের ওপর আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘টিকিফাইয়ের প্রোফাইল এখন বেশ ভালো। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি স্টার্ট আপ প্রতিষ্ঠান হিসেবে টিকিফাইয়ের প্রতি আস্থা রেখেছেন। সব কিছু বিবেচনা করেই টিকিফাইকে আমরা বেছে নিয়েছি।’

এবারের আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। ১৪ নভেম্বর সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।