নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) প্রত্যাশিত শুরু করতে পারেননি বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান। তাদের দল পোখারা অ্যাভেঞ্জার্স প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে। তবে এই হারেই সব শেষ হয়ে যায়নি বলে মনে করছেন মেহেদী। সামনে ভালো কিছুর আশায় রয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
বুধবার (২৮ অক্টোবর) কীর্তিপুরে সুদূর পশ্চিম রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৫ রান তোলে পোখারা অ্যাভেঞ্জার্স। জবাবে ১৯ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় সুদূর পশ্চিম রয়্যালস। এই হারে সাকিব-মেহেদীদের দলের নেট রানরেট দাঁড়িয়েছে -১.৫৪২। আট দলের পয়েন্ট তালিকায় পোখারার অবস্থান সপ্তম। ম্যাচ শেষে গত রাতে ফেসবুকে মেহেদী লিখেছেন, ‘ইনশা আল্লাহ, সামনে আরও অনেক ভালো কিছু অপেক্ষা করছে।’
২০২৪ সালের অক্টোবরের পর থেকে বাংলাদেশের জার্সিতে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তবে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তিনি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পর এবার এনপিএলেও মাঠে নেমেছেন এই অলরাউন্ডার।
সুদূর পশ্চিম রয়্যালসের বিপক্ষে ম্যাচে বল হাতে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সাকিব। তার আবেদনে সাড়া দেননি বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। পরে রিভিউ নিয়ে প্রতিপক্ষের ব্র্যান্ডন ম্যাকমুলেনকে এলবিডব্লিউ করান সাকিব।
ম্যাচের আগে সাকিবের সাথে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন শেখ মেহেদী। ক্যাপশনে তিনি লিখেছেন,‘সাকিব আল হাসান ভাইয়ের সাথে মাঠে সময় কাটানো সবসময়ই আনন্দের। প্রতিটি মুহূর্তই নতুন কিছু শেখার, বিকশিত হওয়ার এবং আরও ভালো ক্রিকেটার হয়ে ওঠার সুযোগ। তার যাত্রা আমাকে অনুপ্রাণিত করে, নিজের পথ গড়ার ক্ষেত্রে জোগায় অনুপ্রেরণা। ইনশাআল্লাহ, সেরা সময়টা এখনো আসা বাকি।’
ম্যাচ চলাকালে আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের সাথে সাকিবকে কথা বলতেও দেখা যায়। এনপিএলের লিগ পর্বে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সাকিব-মেহেদীদের পরবর্তী ম্যাচ ১ নভেম্বর। সেদিন কীর্তিপুরে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে জনকপুর বোল্টসের মুখোমুখি হবে পোখারা অ্যাভেঞ্জার্স।



