মিশরের রাজধানী কায়রোর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম সংলগ্ন একটি মেট্রো স্টেশনের বাইরের দেওয়ালে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
গালফ নিউজের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানা গেছে, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির শ্রমিকদের বহনকারী ট্রাকটি কায়রো-আলেকজান্দ্রিয়া মরুভূমি রোড ধরে আল রেমায়ার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আবু রাওয়াস এলাকার একটি ভিলায় বিয়ের অনুষ্ঠানে কাজ শেষ করে কর্মীরা হাদায়েক আল আহরাম এলাকায় কোম্পানির কার্যালয়ে ফিরছিলেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, চালক অন্যমনস্ক হয়ে পড়ায় গাড়িটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে ট্রাকটি দিক হারিয়ে কায়রো মেট্রো লাইন-৪ এর প্রধান প্রবেশদ্বারের কাছে অবস্থিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম স্টেশনের বাইরের দেওয়ালের সাথে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনার সময় ট্রাকের পেছনের খোলা অংশে থাকা দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রচণ্ড ধাক্কায় ছিটকে মেট্রো স্টেশনের সিঁড়িতে গিয়ে পড়েন। উভয়েই মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত অপর ছয়জনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আল হারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, এই সংঘর্ষের ফলে স্টেশনের প্রচুর সরকারি সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টেশনের কাচের প্যানেল ভেঙে চুরমার হয়ে গেছে এবং কংক্রিটের দেওয়াল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি সরিয়ে নিয়ে জব্দ করেছে এবং পরবর্তী তদন্ত না হওয়া পর্যন্ত এটি তাদের হেফাজতে থাকবে। এছাড়া নিহত দুই শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য আল হারাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সাথে জড়িতদের আইনি দায়বদ্ধতা নির্ধারণ করতে ইতোমধ্যে প্রসিকিউটররা একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন।


