মার্কিন ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অতিরিক্ত সময় অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশে চিরস্থায়ী নিষেধাজ্ঞা এবং বড় ধরনের ফৌজদারি মামলার মুখোমুখি হতে হতে পারে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস সম্প্রতি এক জরুরি সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ভ্রমণকারী বা দর্শনার্থীদের অতীতে অভিবাসন আইন বা সংশ্লিষ্ট নিয়মকানুন ভঙ্গের যেকোনো ইতিহাস মার্কিন কনস্যুলার কর্মকর্তাদের নজরে আসবে। এমনকি এ ক্ষেত্রে কোনো অনিচ্ছাকৃত ভুল বা অজুহাতও আমলে নেওয়া হবে না।
দূতাবাসের ওই পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত সময়সীমা অতিক্রম করে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি অপরাধের তদন্ত ও মামলার মুখোমুখি হতে পারেন। অভিবাসন সংক্রান্ত যাবতীয় তথ্য কনস্যুলার কর্মকর্তাদের স্পষ্টভাবে দেখার সুযোগ রয়েছে।
এর আগে, গত ১০ অক্টোবর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে আরেকটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সেখানে জানানো হয়, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জেরে যেকোনো ব্যক্তির ভিসা বাতিল এবং যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার চিরতরে হারাতে পারে।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, শারীরিক নির্যাতন, চুরি কিংবা বলপ্রয়োগ করে কোনো স্থানে অনুপ্রবেশের মতো অপরাধের কারণে মার্কিন ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল হতে পারে। এ ধরনের গুরুতর অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করা হতে পারে।
মার্কিন দূতাবাস আরও পুনর্ব্যক্ত করেছে যে, যুক্তরাষ্ট্র সবসময় আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে ভ্রমণ করতে আসা প্রত্যেক বিদেশি পর্যটক ও দর্শনার্থীর কাছ থেকে মার্কিন আইন ও অভিবাসন বিধিমালা কঠোরভাবে মেনে চলার প্রত্যাশা করে দেশটির প্রশাসন।


