...|...|...

বিশ্ব

নেতানিয়াহুকে ‘মিথ্যাবাদী’ বললেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩০
Shares
নেতানিয়াহুকে ‘মিথ্যাবাদী’ বললেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান

ছবি: সংগৃহীত

পশ্চিম তীরে ওয়াশিংটন পোস্টের এক ফটোসাংবাদিকের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা বিচারহীনভাবে অপরাধ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান রো খান্না। একই সাথে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একজন ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তার হাতে ফিলিস্তিনি শিশুদের রক্ত লেগে রয়েছে বলে তীব্র সমালোচনা করেছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক জোড়া পোস্টে ফটোসাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলার রোমহর্ষক বর্ণনা তুলে ধরে রো খান্না জানান, হামলাকারীরা ওই নারী সাংবাদিককে প্রথমে ওপরে তুলে আছড়ে ফেলে এবং পরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে।

এই ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে মার্কিন সামরিক সহায়তা বন্ধের জোরালো দাবি জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েলের যে সহায়তাগুলো বসতিস্থাপনকারীদের কার্যক্রমে অর্থায়ন করতে ব্যবহৃত হয়, আমাদের তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এসব অস্ত্রের বিক্রিও স্থগিত করতে হবে।

নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে নেতানিয়াহুর সমালোচনা গত জুলাই মাসে পশ্চিম তীরের খিরবেত জানুতা এলাকায় পরিদর্শনে গিয়ে বসতিস্থাপনকারীদের হাতে তিনি ও নিউ ইয়র্ক টাইমসের এক ফটোসাংবাদিক অবরুদ্ধ হওয়ার চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথাও স্মরণ করেন মার্কিন এই কংগ্রেসম্যান। তিনি জানান, সেই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছিলেন।

এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহুকে সরাসরি আক্রমণ করে রো খান্না বলেন, নেতানিয়াহু, আপনিই সেই মিথ্যাবাদী যার হাতে ফিলিস্তিনি শিশুদের রক্ত লেগে রয়েছে।