...|...|...

খেলা

ভিনিসিয়ুসের গোলের রহস্য ফাঁস

টাইমস টুডে স্পোর্টস
প্রকাশ: ১ জুলাই ২০২৬, রাত ১১:২৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৩১
Shares
ভিনিসিয়ুসের গোলের রহস্য ফাঁস

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভিনিসিয়ুস জুনিয়রের একটি ছবি ও ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা নিয়ে গত কয়েক দিন ধরে ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ আলোচনা চলছে। ছবিতে দেখা যায়, বিশ্বকাপের ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামার আগে টানেল দিয়ে হাঁটার সময় তিনি আনারস খাচ্ছেন।  শুধু তা-ই নয়, ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা গেছে, ম্যাচের আগে গা গরম করার সময় এবং প্রথমার্ধের বিরতি শেষে মাঠে নামার ঠিক আগমুহূর্তেও এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আনারস খাচ্ছিলেন।

তবে মাঠে নামার আগে ভিনিসিয়ুসের এমন ফল খাওয়ার দৃশ্য এটিই প্রথম নয়।  স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময়ও তাকে এমনটা করতে দেখা গেছে।  এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি ছিল ২০২৪ সালের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।  চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে সেই এল ক্লাসিকো ম্যাচের আগে মাঠে নামার ঠিক আগমুহূর্তে তাকে আনারস খেতে দেখা যায়। সেই ম্যাচে ব্রাজিলের এই ৭ নম্বর জার্সিধারী তারকা হ্যাটট্রিক করেছিলেন এবং তার দল রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।

জানা গেছে, ব্রাজিল জাতীয় দলের সাপোর্ট স্টাফরা খেলোয়াড়দের জন্য কলা ও অন্যান্য ফলের পাশাপাশি ড্রেসিংরুমে আনারসও রাখেন। ফুটবলারদের ক্ষেত্রে ম্যাচের আগে বা ম্যাচ চলাকালীন ফল খাওয়ার বিষয়টি বেশ সাধারণ। কারণ, ফল খুব দ্রুত শরীরে শক্তি জোগায় এবং অতিরিক্ত ঘামের কারণে তৈরি হওয়া তরলের ঘাটতি পূরণ করতে সাহায্য করে।

ক্রীড়াবিদদের জন্য আনারসের অন্যতম বড় গুণ হলো এর উচ্চ জলীয় অংশ।  এই ফলের প্রায় ৮৫ শতাংশই পানি, যা খেলার সময় শরীরে আর্দ্রতা (হাইড্রেশন) বজায় রাখতে দারুণভাবে সাহায্য করে। এতে রয়েছে সহজে ও দ্রুত হজমযোগ্য শর্করা বা কার্বোহাইড্রেট। ফলে হজমের সময় পেটে কোনো ভারী অনুভূতি তৈরি না করেই এটি তাৎক্ষণিক শক্তি জোগাতে সক্ষম।

এ ছাড়া আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলে সৃষ্ট ‘অক্সিডেটিভ স্ট্রেস’ কমাতে সাহায্য করে।  পাশাপাশি এতে থাকা ব্রোমেলিন’ নামক এনজাইম প্রোটিন হজমেও অত্যন্ত কার্যকর। মূলত এসব অসাধারণ পুষ্টিগুণের কারণেই অ্যাথলেটরা ম্যাচের আগে বা খেলার মাঝপথে আনারস খেতে পছন্দ করেন।

পুষ্টিগুণের এই বৈজ্ঞানিক ব্যাখ্যা আর ভিনিসিয়ুসের আনারস খাওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তরা এখন মেতেছেন রসিকতায়।  সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মজা করে মন্তব্য করছেন, ভিনিসিয়ুসের অবিশ্বাস্য গতি আর দুর্দান্ত সব গোলের আসল রহস্য তবে এই আনারস!