...|...|...

জাতীয়

বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৯:২২ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১১:২৬
Shares
বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি ঘটেছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে মন্ত্রীর উপস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরে কেন্দ্রটির সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ।

মন্ত্রী জানান, দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং কয়েক ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ প্রসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট। এ কারণেই সফলভাবে গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এই সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান মন্ত্রী। একই সাথে দেশের সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সাথে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা যাচাই করা হবে।

তিনি বলেন, পরবর্তী কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রকল্প পরিচালক আরও জানান, প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের সক্ষমতা এবং জাতীয় গ্রিডের সাথে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। সব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে।

অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম শুরু হবে। রাশিয়ান ঠিকাদারের সাথে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা (ট্রায়াল অপারেশন) শেষ হলে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এরপর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রথম ইউনিটের অস্থায়ী দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে ২ হাজার ৪০০ মেগাওয়াট সক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।