...|...|...

সারাদেশ

বিচারকের ছেলে তাওসিফ হত্যা মামলায় আসামি লিমন মিয়ার মৃত্যুদণ্ড

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৬ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৪
Shares
বিচারকের ছেলে তাওসিফ হত্যা মামলায় আসামি লিমন মিয়ার মৃত্যুদণ্ড

বিচারকের ছেলে তাওসিফ হত্যা মামলায় অভিযুক্ত আসামি লিমন মিয়া। ছবি: সংগৃহীত

রাজশাহীতে মহানগর দায়রা জজের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে আরও তিনটি ধারায় পৃথক ১০ বছর করে কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ২০২৫ সালের ১৩ নভেম্বর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার এক বছর পূর্ণ হওয়ার এক দিন আগে মামলার রায় ঘোষণা করা হলো।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় হামলা চালান লিমন মিয়া। এ সময় ছুরিকাঘাতে বিচারকের নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমন নিহত হয়। আহত হন বিচারকের স্ত্রীও।

ঘটনার পর পুলিশ লিমন মিয়াকে আটক করে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ নভেম্বর বিচারক আবদুর রহমান নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় লিমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার বিচার চলাকালে বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ মোট ২৮ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আলী আশরাফ মাসুম বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জানান, আদালত পর্যবেক্ষণে বলেছেন, এ ঘটনা আইন ও বিচার বিভাগের ওপর হুমকি।

আলী আশরাফ মাসুম আরও বলেন, বিচারকের স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিয়ে তা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। তার ভাষ্য, এ ধরনের হুমকির ঘটনা আগে কোথাও ঘটেনি।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।