খুলনার আলোচিত ‘বি কোম্পানির’ প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আজম শেখকে (৩২) গাজীপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ আভিযানিক দল। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক, চাঁদাবাজি ও চুরিসহ ১৩টি মামলার তথ্য রয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর থানার শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজম শেখ খুলনার দৌলতপুর থানার আঞ্জুমান এলাকার শেখ কামালের ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ ও এসআরবি-১-এর একটি যৌথ দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় ছয়টি মাদক, চারটি হত্যা চেষ্টা, দুটি চাঁদাবাজি ও একটি চুরিসহ মোট ১৩টি মামলার তথ্য রয়েছে।
এসআরবি জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারের পর আজম শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


