...|...|...

সারাদেশ

ছেলে-মেয়েদের বিয়ের বয়স কমানোসহ ১০ দাবিতে কাজীদের ধর্মঘট

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৬
Shares
ছেলে-মেয়েদের বিয়ের বয়স কমানোসহ ১০ দাবিতে কাজীদের ধর্মঘট

ছেলে-মেয়েদের বিয়ের বয়স কমানোসহ ১০ দাবিতে কাজীদের ধর্মঘট। ছবি: টাইমস টুডে

এক ইউনিয়নে একজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ, সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে একজন নিকাহ রেজিস্ট্রার রাখা এবং বিয়ের বয়স ছেলেদের ১৮ ও মেয়েদের ১৬ বছর নির্ধারণসহ ১০ দফা দাবিতে নাটোরে অবস্থান ধর্মঘট ও কলম বিরতি পালন করেছে জেলা কাজী কল্যাণ সমিতি।

সোমবার (১৬ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা। দিনব্যাপী কর্মসূচিতে নিকাহ রেজিস্ট্রার পেশার সংস্কার ও উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।

বক্তারা বলেন, সম্প্রতি প্রতিটি ইউনিয়নে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একই এলাকায় একাধিক নিকাহ রেজিস্ট্রার থাকায় পেশাগত বিশৃঙ্খলা ও নানা জটিলতা সৃষ্টি হবে। তাই প্রতিটি ইউনিয়নে একজন নিকাহ রেজিস্ট্রার রাখার দাবি জানান তারা।

এ ছাড়া সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে একজন, প্রথম শ্রেণির পৌরসভার দুটি ওয়ার্ডে একজন, দ্বিতীয় শ্রেণির পৌরসভার তিনটি ওয়ার্ডে একজন এবং তৃতীয় শ্রেণির পৌরসভায় একজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের দাবি জানান বক্তারা।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে নিকাহ রেজিস্ট্রারদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিকায়ন, ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন চালু, বাল্যবিবাহ প্রতিরোধে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ, অবসর বা মৃত্যুর ক্ষেত্রে বিধিমালা অনুযায়ী অস্থায়ী লাইসেন্স প্রদান এবং বিয়ের বয়স ছেলেদের ১৮ ও মেয়েদের ১৬ বছর নির্ধারণ।

নাটোর জেলা কাজী কল্যাণ সমিতির সভাপতি ও রাজশাহী বিভাগীয় কাজী সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী রিয়াজুল হক মমিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির উপদেষ্টা কাজী আমিনুল হক টিপু, কাজী আবুল হোসেন, সাধারণ সম্পাদক কাজী বাবর আলী, সাংগঠনিক সম্পাদক কাজী মাহবুব আল রতনসহ অন্যান্য নেতৃবৃন্দ।