...|...|...

আইন ও আদালত

রামিসা হত্যা মামলা

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত মঙ্গলবার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫১ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৮
Shares
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত মঙ্গলবার

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় দেবেন হাইকোর্ট।

সোমবার (১৬ নভেম্বর) উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাঞ্চল্যকর এ মামলায় আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। শুনানিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার আবেদন জানান অ্যাটর্নি জেনারেল।

গত ৭ জুন এ মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এর আগে গত ১৯ মে রাজধানীর পল্লবীর প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন সোহেল, তার স্ত্রী স্বপ্না ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

মামলার বিবরণ অনুযায়ী, সোহেল রামিসাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ধর্ষণের পর শিশু রামিসাকে গলা কেটে হত্যা করেন সোহেল। পরে অপরাধের ঘটনা আড়াল করতে লাশ টুকরো করার চেষ্টা করেন তিনি।

গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে, তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়।

অভিযোগপত্র দাখিলের কয়েক ঘণ্টার মধ্যেই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তী সময়ে মাত্র ১৯ দিনে মামলাটির বিচারকাজ শেষ হয়।