...|...|...

রাজনীতি

রিজভী

বাংলাদেশের মানুষকে পানিতে মারার একটি পূর্ণাঙ্গ চক্রান্ত করেছে ভারত

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, রাত ৯:০৭
Shares
বাংলাদেশের মানুষকে পানিতে মারার একটি পূর্ণাঙ্গ চক্রান্ত করেছে ভারত

রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ভারত বাংলাদেশের মানুষকে পানিতে মারার একটি পূর্ণাঙ্গ চক্রান্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যবার্ষিকীতে সব অভিন্ন নদীর প্রবাহের অধিকার আদায়ের দাবিতে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশের সাথে করা ভারতের প্রতিটি চুক্তিই ছিল প্রতারণাপূর্ণ। পানির ন্যায্য হিস্যার দাবিতে ৫৫ বছরে আলোচনা করে কোনও সুরাহা হয়নি। বাংলাদেশের মানুষকে পানিতে মারার একটি পূর্ণাঙ্গ চক্রান্ত করেছে ভারত। এ থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্যে জরুরি।

তিনি বলেন, ভারত বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত করছে। তাই জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নদীর পানির স্বাভাবিক প্রবাহ থাকতে হবে। কলকাতা বন্দরকে সচল রাখার জন্য পানির প্রাকৃতিক প্রবাহে বাধা দিলে নদী বিপন্ন হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পানির ন্যায্য পাওনা নিয়ে ভারত কখনই সুষ্ঠু বিধিব্যবস্থা করেনি। ফারাক্কা বাঁধের বিষয়টি আজকের নয়, ব্রিটিশ আমল থেকেই এ নিয়ে লড়াই চলছে। যারা দিল্লির পদতলে ক্ষমতা দিয়ে দেন, যাদের প্রেমে ভারত গদগদ, সেই আওয়ামী লীগকেও পানির বিষয়ে কোনও ছাড় দেয়নি দেশটি।

তিনি আরও বলেন, পানির ন্যায্য হিস্যার লড়াই এখনও থামেনি। এ কান্না শুধু বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গেরও কান্না হয়ে আসছে। পানির ন্যায্য হিস্যার দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়া জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন। ৫৫-৫৬ বছর আলোচনা হলেও ভারতের টনক নড়েনি।

এ ক্ষেত্রে মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রেরণার জায়গা উল্লেখ করে তিনি বলেন, মওলানা ভাসানী কবি ইকবালকে উদ্ধৃত করে বলেছিলেন, যে ক্ষেতের ফসল থেকে কৃষক কিছু পায় না, সে ক্ষেত পুড়িয়ে দাও।