...|...|...

রাজনীতি

পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৬
Shares
পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী

ছবি: সংগৃহীত

পাশের দেশের মদদে দেশে নৈরাজ্য সৃষ্টি করে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করছে ফ্যাসিস্ট শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পেছনের দরজা দিয়ে ফ্যাসিস্টরা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে তাদের এ অপচেষ্টা জনগণ সফল হতে দেবে না।

তিনি আরও বলেন, ক্ষমতায় ফিরে তারা আবারও ব্যাংকের টাকা পাচার করবেন। তাদের মন্ত্রী-এমপিরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে বিলাসী জীবনযাপন করবেন। সেই সুখের স্বর্গে তাদের আর কখনো ফিরে যেতে দেওয়া হবে না। পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি প্রসঙ্গে রিজভী বলেন, এই কমিটির মাধ্যমে দক্ষিণ মহানগর বিএনপি আরও শক্তিশালী হবে। দলের জন্য নেতাকর্মীরা জীবন বাজি রেখে কাজ করেছেন। তারা দায়িত্বে থাকলে দল সুসংগঠিত থাকবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, আগামীতে যত ষড়যন্ত্রই হোক না কেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তা মোকাবিলা করা হবে।

তিনি বলেন, রাজনৈতিকভাবে জনগণকে সাথে নিয়ে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।