...|...|...

ক্যাম্পাস

জবিতে লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তা আটক

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, রাত ৮:৪২
Shares
জবিতে লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তা আটক

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় বাংলা বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দফতর থেকে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করা হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

আটক কর্মকর্তারা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দফতরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দফতরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

এদিকে, বাংলা বিভাগের দেয়ালচিত্রে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাহারুল আলম সেলিমকে অবরুদ্ধ করে জিজ্ঞাসাবাদ করেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় তাকে শাসানোও হয়েছে বলে বিভাগের একটি সূত্র জানিয়েছে।

ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীদের দাবি, দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে এ অভিযান চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরে সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তারা।

এ বিষয়ে ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, ‘এখানে আওয়ামী লীগের যে কর্মকর্তা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো একটিভিজম চালায় যাইতেছে, তাদের সঙ্গে আসলে কোনো ধরনের কোনো আপোষ নেই। সেটা হোক আমরাই হই আর যেই হোক, যে এটা করবে আমরা তাদের পক্ষে থাকবো আওয়ামী লীগের বিরুদ্ধে। সেই জায়গা থেকে আজকে যে অভিযানটা করা হয়েছে, বিভিন্ন লিডার যারা ছিল তাদের আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি।’

অভিযান ও কর্মকর্তা আটকের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘এক হাজার ৪০০ শিক্ষার্থীর লাশের ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। সাংবিধানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ক্রিয়াশীল সব সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা কাজ করেছি। যেকোনো ধরনের মববাজির বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। সব সময় ধৈর্য ধারণ করেছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভেবে গত কয়েক দিন ধরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে। ক্যাম্পাসে বসে শিক্ষার্থীদের টাকা দিয়ে ফ্যাসিবাদের জোগানদাতা এসব কর্মকর্তা এবং সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।’ আটক কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, ‘দেশে এখন যে অবস্থা গতকালকেও একটি জেলাকে স্বাধীন করা হয়েছে। এ ধরনের অপতৎপরতা যারা তৈরি করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। যে অভিযোগগুলো আসছে সেগুলো যাচাই বাছাই করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
‎