পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সোমবার এ সভা অনুষ্ঠিত হবে। এতে মালিকপক্ষের প্রতিনিধিরা নতুন বেতন কাঠামোর প্রস্তাব তুলে ধরবেন।
এর আগে গতকাল শ্রমভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়। পরে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দ্রুত সময়ের মধ্যে বৈঠক আয়োজনের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর শ্রম মন্ত্রণালয় নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মাসিক ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয় ২০২৩ সালের নভেম্বরে। পরের মাস থেকে তা কার্যকর হয়। সে হিসাবে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বর মাসে শেষ হচ্ছে।
২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ। এবার নতুন মজুরি কাঠামো নির্ধারণে বোর্ডের পরবর্তী সভার দিকে তাকিয়ে রয়েছেন শ্রমিক ও মালিকপক্ষ।


