পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলায় ট্রাফিক পুলিশের একটি মোবাইল ভ্যানে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় তিনজন ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পুলিশের একটি প্রতিবেদনের বরাত দিয়ে ডন জানিয়েছে, জেলার ওয়াজিরাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা ট্রাফিক পুলিশের মোবাইল ভ্যানটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। হামলায় ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য প্রাণ হারান। এছাড়া গুলিতে দুই পথচারীসহ তিনজন আহত হন, যাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, হামলাকারীরা গুলি চালিয়ে ট্রাফিক পুলিশের মোবাইল ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশের একটি বিশাল দল ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং সন্দেহভাজনদের ধরতে ও গাড়িটি উদ্ধার করতে একটি তল্লাশি অভিযান শুরু করে। এই হামলার পেছনে কারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি এই হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনার একটি প্রতিবেদন চেয়েছেন।
এক বিবৃতিতে তিনি নিহত পুলিশ সদস্যদের শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের দ্রুত আরোগ্য কামনা করেন গভর্নর কুন্দি।
উল্লেখ্য, খাইবার পাখতুনখাওয়া প্রদেশটি বেশ কিছুদিন ধরে তীব্র নিরাপত্তা সংকটের মুখোমুখি হচ্ছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর মাসিক তথ্য অনুযায়ী, মূল ভূখণ্ডের খাইবার পাখতুনখোয়ায় গত মাসে ৫৪টি সন্ত্রাসী হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা আগের মাসের তুলনায় ৫০ শতাংশ বেশি। এর আগে চলতি মাসের শুরুতে কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদের কাছে বিস্ফোরকভর্তি গাড়ির বিস্ফোরণে ১৫ পুলিশসহ অন্তত ২১ জন নিহত হয়েছিলেন। এছাড়া গত ২৬ জুলাই ট্যাংক জেলাই একটি যৌথ পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় ১৪ জন নিরাপত্তাকর্মীসহ ১৫ জন নিহত হয়েছিলেন।


