উয়েফা নেশনস লিগে টানা ব্যর্থতার কারণে তুরস্কের প্রধান কোচের দায়িত্ব হারিয়েছেন ইতালিয়ান কোচ ভিনচেঞ্জো মনতেলা। চার ম্যাচে চার হারের পর তার সাথে চুক্তি আর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)।
শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে টিএফএফ জানিয়েছে, ‘প্রধান কোচের সাথে আর চুক্তি চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
নেশনস লিগে ফ্রান্স, বেলজিয়াম ও ইতালির বিপক্ষে ম্যাচগুলোতে প্রত্যাশিত ফল পায়নি তুরস্ক। টানা পরাজয়ে দলের পারফরম্যান্সে হতাশা বাড়ে। শেষ পর্যন্ত এর খেসারত দিতে হলো মনতেলাকে।
২০২৩ সালের সেপ্টেম্বরে তুরস্কের কোচ হিসেবে দায়িত্ব নেন মনতেলা। তার অধীনে শুরুতে ভালো পারফরম্যান্স করেছিল দলটি। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখায় তুরস্ক। তবে শেষ আটের লড়াইয়ে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের।
দলে হাকান চালহানোলু, আরদা গুলের ও কেনান ইলদিজের মতো তারকা ফুটবলার থাকলেও সাম্প্রতিক সময়ে সাফল্যের ধারায় ফিরতে পারেনি তুরস্ক। সর্বশেষ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় দলটিকে। সেখানে তাদের উল্লেখযোগ্য অর্জন ছিল শেষ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারানো।
মনতেলার বিদায়ের পর এখন নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তুরস্কের সামনে। আগামী ১২ নভেম্বর নেশনস লিগে ঘরের মাঠে বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি। এরপর ১৫ নভেম্বর ফ্রান্সের মাঠে খেলবে তুরস্ক। পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোই হবে দলটির প্রধান লক্ষ্য।


