আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন করে ওয়ানডে দলের অধিনায়কত্ব পাওয়া লিটন দাসের নেতৃত্বে এই স্কোয়াডে রয়েছেন তাওহীদ হৃদয়, যিনি পালন করবেন সহ-অধিনায়কের দায়িত্ব। ঘোষিত দলে নতুন মুখের পাশাপাশি চোট কাটিয়ে ফেরা ক্রিকেটারও রয়েছেন।
আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।
ঘোষিত দলে চোটের কারণে জায়গা হয়নি তারকা পেসার নাহিদ রানার। তবে পেস আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর এবার প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম।
স্পিন বিভাগে আলিসের সাথে রয়েছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও আছেন দলে। সম্প্রতি অধিনায়কত্ব হারানো মিরাজের পাশাপাশি স্কোয়াডে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।
এদিকে চোট কাটিয়ে জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাটিং বিভাগে রয়েছেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। সব মিলিয়ে অভিজ্ঞ ও নতুন সমন্বয়ে ত্রিদেশীয় সিরিজের দল সাজিয়েছে বিসিবি।
একনজরে বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।


