...|...|...

রাজনীতি

নিউমার্কেটে দোকানে হামলার অভিযোগে ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫০ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, রাত ৯:৫৯
Shares
নিউমার্কেটে দোকানে হামলার অভিযোগে ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত

ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্য শেখ পারভেজ মোশাররফ ও সাগর খান।ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটের গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, ভাঙচুর, মালামাল লুট ও দখলচেষ্টার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্য শেখ পারভেজ মোশাররফ ও সাগর খানের পদ স্থগিত করা হয়েছে।

এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নিউমার্কেটের গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ ওঠে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এ সময় দোকানটির ভাড়াটিয়া ব্যবসায়ী আমিনুল ইসলাম, তার ছেলে এবং মার্কেটের ম্যানেজার জুয়েল রানাকে মারধর ও হেনস্তা করার অভিযোগ করা হয়।

ঘটনার পর মার্কেটের ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দোকানমালিক কর্তৃপক্ষ।