জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে পরিবেশিত ভাতের সাথে সিদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে খাবার খেতে গিয়ে এক শিক্ষার্থীর প্লেটে টিকটিকিটির দেহাবশেষ পাওয়া যায়। এ ঘটনায় হলের ডাইনিংয়ের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শিক্ষার্থী আরেফিন তানভীর। তিনি জানান, দুপুরে খাবার খেতে গিয়ে প্রায় অর্ধেক প্লেট ভাত খাওয়ার পর তার নজরে আসে, ভাতের মধ্যে একটি সিদ্ধ টিকটিকির দেহাবশেষ রয়েছে। পরে বিষয়টি ডাইনিং পরিচালককে জানালে তাকে খাবারের টাকা ফেরত দেওয়া হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের খাবার পরিবেশনে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খাবার প্রস্তুত ও পরিবেশনের প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে ডাইনিং পরিচালক আল আমিন বলেন, সিলিং থেকে টিকটিকিটি পড়ে গেছে। রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় সেটি ভাতের মধ্যে পড়ে যায়। কেউ খেয়াল করেনি। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা সব ভাত ফেলে দিয়েছি। ওপর থেকে পড়েছে, আমাদেরও কিছু করার ছিল না।
অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, দেয়াল থেকে একটি টিকটিকি হঠাৎ ভাতের গামলায় পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় ডাইনিং পরিচালককে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনিচ্ছাকৃত এ ঘটনার জন্য ডাইনিং পরিচালক দুঃখ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে খাবারের টাকা ফেরত দেওয়া হয়েছে এবং যে গামলায় টিকটিকিটি পাওয়া গেছে, সেই গামলার বাকি ভাতও আর পরিবেশন করা হয়নি।


