...|...|...

ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে কনসার্টে গাইবেন জেমস

জবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৯
Shares
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে কনসার্টে গাইবেন জেমস

ছবি: টাইমস টুডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ২ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয় দিবসের মূল আকর্ষণ হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত কনসার্টে সংগীত পরিবেশন করবেন নগরবাউল জেমস। এ ছাড়া র‍্যালি, আলোচনা সভা, শিল্পকর্ম প্রদর্শনী, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৯টায় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। সকাল ৯টা ১৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক হয়ে একটি প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি বের হবে।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা ১৫ মিনিটে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় চারুকলা অনুষদের আয়োজনে শিল্পকর্ম ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা এবং দুপুর দেড়টায় কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টা থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জবি সংসদ এবং রঙ্গভূমির শিল্পীরা পরিবেশনায় অংশ নেবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন এবং 'অফসাইড', 'কোমল গান্ধার', 'কিম্ভুত' ও 'স্বরূপ' ব্যান্ড সংগীত পরিবেশন করবে। সর্বশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় কনসার্টে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস।

এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস ও তার পরদিন, অর্থাৎ ২ ও ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কোনো ইনস্টিটিউট বা বিভাগে পরীক্ষা না রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।