...|...|...

রাজনীতি

দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ নিয়ে সরকারের মাথাব্যথা নেই: মিয়া গোলাম পরওয়ার

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, রাত ১০:৪৪ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১০:২৮
Shares
দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুৎ নিয়ে সরকারের মাথাব্যথা নেই: মিয়া গোলাম পরওয়ার

সরকার সংবিধান ও জুলাই সনদ নিয়ে ব্যস্ত থাকলেও দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নিত্যদিনের সমস্যা নিয়ে উনাদের মাথাব্যাথা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ গণভোটের রায় কার্যকর করে একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় রয়েছে। কিন্তু সরকার সংবিধানের ব্যাখ্যা ও জুলাই সনদ নিয়ে ব্যস্ত থেকে বিরোধী দলকে দমনের নতুন নতুন ন্যারেটিভ তৈরি করছে।

তিনি বলেন, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুতের লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণের দুর্ভোগ নিয়ে কথা বলা একটি রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী এসব বিষয়ে নিজেদের দাবি ও অবস্থান তুলে ধরছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে আমদানিকৃত গ্যাসের সরবরাহ কমেছে। গ্যাসের ওপর আমদানিনির্ভরতা বাড়ায় একদিকে দাম বাড়ছে, অন্যদিকে সরবরাহ সংকট তৈরি হচ্ছে।

তিনি বলেন, গ্যাস সংকটের কারণে শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় গ্যাস না থাকায় রান্নাবান্নায় ভোগান্তি তৈরি হচ্ছে। একই সঙ্গে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় সাধারণ মানুষের খরচও বেড়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দীর্ঘদিন গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ায় বর্তমান সংকট তৈরি হয়েছে। গ্যাসের অভাবে অনেক বিদ্যুৎকেন্দ্রও পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না।

বিদ্যুৎ বিল প্রসঙ্গে তিনি বলেন, অতিরিক্ত ও ভূতুড়ে বিল নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। বিদ্যুতের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে গ্রাহক পর্যায়ে দুই দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।