রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে পুনর্নির্মাণ ও সহায়তার জন্য ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন শেষে এ অনুদানের কথা জানান দলটির আমীর ডা. শফিকুর রহমান।
পরিদর্শন শেষে জামায়াত আমীর বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার দুঃসাহস কারও হওয়ার কথা নয়। সারা দেশে ‘মব সন্ত্রাস’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কোনো দুর্বৃত্ত যেন এমন অপকর্ম করার সুযোগ না পায়, সে বিষয়ে সরকারকে এখনই কঠোর উদ্যোগ নিতে হবে।
এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত মিরপুর-১ নম্বরের এই স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে লুটপাট চালায়। পরে ভারী যন্ত্রপাতি এনে ভবনের বিভিন্ন অংশ ভেঙে ফেলে তারা।
কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়, যার সাথে স্থানীয় বিএনপি নেতাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
ঘটনার পরপরই ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র উদ্বেগ প্রকাশ করে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছিলেন। এ ঘটনায় ইতোমধ্যে শাহ আলী থানায় মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।


