...|...|...

প্রবাস

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার, পলাতক তিনজন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ১১:৩৯
Shares
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার, পলাতক তিনজন

ছবি: সংগৃহীত

মালদ্বীপে মো. সজিব (২৭) নামে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে দেশটিতে তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সজিবের মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। ঘটনার পর থেকে তার সাথে একই কক্ষে থাকা দুই বাংলাদেশিসহ তিনজন প্রবাসী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার পুরাতন মকিমের বাড়ির আবদুল খালেকের ছেলে। স্বজনদের ধারণা, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মালদ্বীপে থাকা কয়েকজন প্রবাসী বাংলাদেশি মুঠোফোনে সজিবের মৃত্যুর খবর তার স্বজনদের জানান। তারা সজিব ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেন। পরে স্থানীয় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

সজিবের চাচাতো ভাই সোহেল জানান, শনিবার তারা খবর পান, সজিবের কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া গেছে। তবে ঘটনার পর থেকে একই কক্ষে বসবাসরত দুই বাংলাদেশিসহ তিনজন প্রবাসী পলাতক থাকায় মৃত্যুর বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সজিবের বাবা আবদুল খালেক জানান, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় তিন বছর আগে মালদ্বীপে পাড়ি জমান তার ছেলে। অবিবাহিত সজিবের সাথে পরিবারের বড় ধরনের কোনো বিরোধ ছিল না। ছেলের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যরা।

এদিকে সজিবের মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার স্বজনরা। একই সাথে মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর সহযোগিতা চেয়েছেন তারা। শেষবারের মতো প্রিয়জনের মুখ দেখার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।

ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. সোহেল বলেন, সজিবের মৃত্যুর খবর তার পরিবারের জন্য অত্যন্ত হৃদয়বিদারক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।