বিগত সময়ে গুপ্ত হত্যা চালানো শক্তি এখনও সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে শহিদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে হবে।
দুষ্কৃতকারীদের উত্থান ঘটলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এই সম্প্রীতি নষ্ট করতে অনেকে ষড়যন্ত্র করছে।
আসন্ন দুর্গাপূজায় সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, পূজার সময় পলাতক শক্তি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে মণ্ডপ পাহারায় সতর্ক থাকতে হবে।


